ককটেল বিস্ফোরণের আশঙ্কায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে ২৪ ঘণ্টা অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রূপায়ন টাওয়ারের সামনে পুলিশের একটি দল সতর্ক অবস্থানে রয়েছে। ভবনটির ১৫ তলায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ভবনের আশপাশে যানবাহন দাঁড়াতে দিচ্ছেন না এবং সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজর রাখছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এনসিপি কার্যালয়ের সামনে এর আগেও কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীদের সম্ভাব্য হামলা প্রতিরোধে গত ২২ জুলাই থেকে ভবনটির সামনে নিরাপত্তা জোরদার করা হয়। শিফট অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়া, পুলিশের শাহবাগ থানার টহল টিমকে নিয়মিতভাবে ভবনের আশপাশে টহল দিতে দেখা গেছে।
পুলিশ বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য জানা যায়নি।





