বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জেলা কক্সবাজারে যুক্ত হয়েছে নতুন এক পর্যটন সম্ভাবনা। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে প্রায় ৪৫ কিলোমিটার দূরে উখিয়ার মনখালী গ্রাম এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গ্রামটি পরিচিতি পেয়েছে “কক্সবাজারের সুইজারল্যান্ড” নামে।

ভিডিওতে মনখালীর প্রাকৃতিক সৌন্দর্যকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করেন ইমন। কয়েক দিনের মধ্যেই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলায় স্থানীয় সংবাদমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েটররা একে ঘিরে নতুন নতুন কনটেন্ট তৈরি করতে শুরু করেন। এমনকি স্থানীয়রা একটি অস্থায়ী বোর্ডও টাঙিয়ে দিয়েছেন “কক্সবাজারের সুইজারল্যান্ড” নাম দিয়ে। এরপর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে মনখালীতে।

স্থানীয়দের মতে, বহুদিন অবহেলিত এই এলাকা অবশেষে আলোচনায় এসেছে। তাদের বিশ্বাস, মনখালীকে ঘিরে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এতদিন প্রচারের অভাবে জায়গাটি অচেনাই থেকে গিয়েছিল। বেশিরভাগ পর্যটক পাটুয়াটেক সৈকত পর্যন্ত গিয়েই ফিরে আসতেন, মনখালীর নামও জানতেন না। এখন নতুন পরিচিতির কারণে এ এলাকা আলোচনায় এসেছে।

উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী বলেন, “মনখালী একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে পর্যটনের বিরাট সম্ভাবনা রয়েছে। সাংবাদিক ইমনের ভিডিও পুরো এলাকায় সাড়া জাগিয়েছে। সরকারের নজর পেলে মনখালী কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হতে পারে।”

গ্রামবাসীরাও এ নিয়ে উচ্ছ্বসিত। তাদের আশা, সরকার ও স্থানীয় প্রশাসন উদ্যোগ নিলে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মনখালী একদিন আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপ নেবে।