জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বের অনুমতি ছাড়াই কক্সবাজার ভ্রমণে যাওয়ায় দলটির পাঁচজন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের।


বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।


নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।


কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, “গত ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। অথচ এই সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে কোনো পূর্ব অবহিতকরণ বা অনুমতি জানানো হয়নি।”


চিঠিতে আরও উল্লেখ করা হয়,

“এমন অবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।”


দলীয় নীতিমালার ব্যত্যয় ও গুরুত্বপূর্ণ দিনে দায়িত্বহীন আচরণ নিয়ে এ নোটিশকে দলীয় শৃঙ্খলার অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।