চট্টগ্রামের আনোয়ারায় তীব্র শীতের রাতে অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মা–বাবার বিরুদ্ধে। চার বছর বয়সী এক কন্যা শিশু ও তার দুই বছর বয়সী বাকপ্রতিবন্ধী ছোট ভাইকে উদ্ধার করে আশ্রয় দেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। শীতের কাঁপুনির মধ্যেও বড় বোন আয়শাকে ছোট ভাইকে আগলে ধরে থাকতে দেখা যায়।


গত রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা শিশু দুটিকে দেখতে পান মহিম উদ্দিন। তিনি জানান, সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে তিনি এগিয়ে যান। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে তিনি শিশু দুটিকে নিজের বাড়িতে নিয়ে যান।


উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় বোন আয়শা জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তার বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শার ভাষ্যমতে, মা–বাবার কাছ থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।


মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ এবং ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে তাদের গরম পানি দিয়ে গোসল করানো ও খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। তাদের ধারণা, শিশু দুটি অসুস্থ হওয়ায় মা–বাবা এমন অমানবিক কাজ করে থাকতে পারেন।



এ বিষয়ে আনোয়ারা থানার এক সাব-ইন্সপেক্টর জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিষয়টি নিয়ে বিভিন্ন থানায় খোঁজ নেওয়া হচ্ছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, সড়কের পাশে পাওয়া শিশু দুটিকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভ হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।