ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে কলকাতায় চলছে ব্যাপক প্রস্তুতি। আর মাত্র কয়েক দিন পরেই শহরে পৌঁছবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা। সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি পর্যন্ত উৎসবের আবহ তৈরি হয়েছে।

মুম্বাই, দিল্লি ও হায়দরাবাদেও যাবেন মেসি, তবে সবচেয়ে জমজমাট আয়োজন থাকছে কলকাতাকে কেন্দ্র করে। জানা গেছে, মেসিকে স্বাগত জানাতে তার জন্য বিশেষভাবে ধুতি-পাঞ্জাবি তৈরি করা হয়েছে। স্ত্রী আন্তোনেল্লার জন্য আলাদা করে শাড়িও রাখা হয়েছে। উপহারের তালিকায় রয়েছে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা ও দইসহ বাঙালি খাদ্যের বিশেষ আয়োজন।

ইতিমধ্যে প্রকাশ হয়েছে মেসি-থিমসং। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে তৈরি ওই গানে উঠে এসেছে কলকাতার ফুটবল উন্মাদনা। শহরের বাজারে এখন পাওয়া যাচ্ছে মেসির নাম লেখা টি-শার্ট, স্কার্ফ ও মেমোরাবিলিয়া।

টালিউড শিল্পীরা কিংবদন্তির সামনে পরিবেশন করবেন বিশেষ নৃত্যানুষ্ঠান, যেখানে ট্যাঙ্গোর ছন্দের সঙ্গে মেলানো হয়েছে রবীন্দ্রসংগীত। কোরিওগ্রাফির দায়িত্বে আছেন নৃত্যশিল্পী অনুশ্রী বন্দ্যোপাধ্যায়। মাঠে শিশু ফুটবলারদের সঙ্গে কোচিং ক্লিনিকেও অংশ নেবেন মেসি।

তিনি দেখা দেবেন মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচেও। আয়োজকদের দাবি, মাঠ ইতিমধ্যেই প্রায় পূর্ণ। কিছু করপোরেট সংস্থাকে বরাদ্দ করা হয়েছে বড় সংখ্যক টিকিট।

শহর ছাড়ার আগে ভার্চুয়ালি উদ্বোধন করবেন নিজের মূর্তি, যা শ্রীভূমিতে ম্যারাডোনার মূর্তির পাশে স্থাপন করা হবে। নিরাপত্তার কারণে সরাসরি উপস্থিত না থাকলেও আয়োজনটি হবে উৎসবমুখর।

দিনের প্রধান আকর্ষণ হবে শাহরুখ খানের উপস্থিতি। সকাল সাড়ে ১১টায় যুবভারতীতে পৌঁছবেন তিনি, আর তার কিছুক্ষণ পর যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসির সংবর্ধনায় আমন্ত্রণ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার পেজও। দিনশেষে হুডখোলা জিপে করে স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন মেসি।