দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা-এর কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর-এ মাদক পাচারের সন্দেহে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির শুল্ক বিভাগ।

কর্তৃপক্ষ জানায়, শনিবার থাইল্যান্ড থেকে আগত একটি ফ্লাইটে তারা কলম্বো পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করা হয়। এতে প্রায় ১১০ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন গাঁজা বা ‘কুশ’ উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তাদের মতে, প্রতিটি ভিক্ষুর ব্যাগে প্রায় ৫ কেজি করে মাদক পাওয়া যায়, যা বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে (false wall) লুকানো ছিল।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন মন্দিরের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ভিক্ষু বলে জানা গেছে। তারা অজ্ঞাত এক দাতার অর্থায়নে চার দিনের ভ্রমণে থাইল্যান্ড গিয়েছিলেন। তবে ভ্রমণটির আয়োজন করেছিলেন আরও একজন ভিক্ষু, যাকে পরে কলম্বোর উপশহর থেকে আটক করা হয়।

বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়, আয়োজক ভিক্ষু নিজে সফরে যাননি, তবে অন্যদের কাছে এসব পার্সেলকে ‘দান সামগ্রী’ হিসেবে উপস্থাপন করেন। বিমানবন্দরে পৌঁছানোর পর একটি ভ্যান এসব ব্যাগ সংগ্রহ করবে বলেও জানানো হয়েছিল।শ্রীলঙ্কার পুলিশ নারকোটিক্স ব্যুরো জানিয়েছে, আটক ভিক্ষুদের মোবাইল ফোনে থাইল্যান্ডে সাধারণ পোশাকে ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মাদক পাচারের বিষয়টি পুরোপুরি জানতেন না।

উদ্ধার হওয়া মাদকগুলো স্কুল সরঞ্জাম ও মিষ্টির প্যাকেটের ভেতরে লুকানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

রবিবার আদালতে হাজির করা হলে ২২ ভিক্ষুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। দেশটির ইতিহাসে এটাই প্রথমবার, একসঙ্গে এত সংখ্যক ভিক্ষুকে বিমানবন্দরে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো।