পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তৃতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে এবং কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী বাপ্পী এবং দুই সন্তান—দেড় বছরের ফারদিন ও চার বছরের ফারিস্তাকে নিয়ে আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া ওঠেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত।
শনিবার রাত দেড়টার দিকে উর্মির স্বামী বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর মানসিক সহায়তার জন্য উর্মির স্বামী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছে। এ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।





