মীর রোকনুজ্জামান, কলারোয়া, সাতক্ষীরা:
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরশকাঠি দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের সরশকাঠি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি অভিযোগ করেন, বিগত সরকার মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। তবে বর্তমান সরকার শিক্ষার প্রতিটি খাতে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, নতুন এই চারতলা ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে, যা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর ও সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা জামায়াতের আমীর ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. কামরুজ্জামান।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের সফল নির্মাণ এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।