ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বেদে পল্লীতে হলি কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন শিক্ষাদানের মক্তব চালু হয়েছে।
বৃহস্পতিবার (১২জুন) সকাল ৯টায় কসবা উপজেলা কুটি চৌমহনীতে অবস্থানরত বেদে পল্লীতে মক্তব চালু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হলি কুরআন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মাহবুব হাদীর সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ ফরিদ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, পীরজাদা শিবলী নোমানী।
প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, বর্ণবৈষ্যম না করে আমাদেরকে নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। সবার পরিচয় আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন।
আতাউর রহমান সরকার বলেন, আমরা আনন্দঘন পরিবেশে ঈদ করছি। অথচ আপনার আমার পাশে এমন বনি আদম রয়েছে। যাদের ঘরে ঈদের আনন্দ নেই। যারা কষ্টে দিনাতিপাত করছে। বাচ্চাদের পোশাক কেনার টাকাও নেই। বেদে বলে আমরা তাদের পাশে দাড়ানো প্রয়োজন মনে করছি না। সময় এসেছে তাদের পাশে সামর্থ্যের সব কিছু দিয়ে দাঁড়ানোর।
তিনি বেদে পল্লীর পুরুষদের মাঝে কুরআন শরীফ ও শিশুদের মাঝে কুরআন শিক্ষা বই তুলে দেন। আতাউর বেদে পল্লীতে দু’টি মক্তব চালুর ঘোষণা দেন। তাদের জীবনযাত্রা মানোন্নয়নে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।





