দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এই আপিল আবেদনের শুনানি আগামীকাল রোববার চেম্বার বিচারপতির আদালতে অনুষ্ঠিত হতে পারে।
এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলাম গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন। পরদিন ৩ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সেদিনই আপিল বিভাগে আবেদন করেন নাহিদ ইসলাম।
\r\n\r\n\r\n
এর আগে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে ব্যালট পেপার পৌঁছানোর কথা রয়েছে। তিনি আরও বলেন, কোনো আসনে আদালতের আদেশে ৮ ফেব্রুয়ারি বা তার পরে প্রার্থী তালিকায় পরিবর্তন হলে, সেই আসনের সব পোস্টাল ভোট বাতিল করা হবে।





