কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা চর এলাকায় এক কৃষকের কাছ থেকে আলু কিনে ট্রাকে তুলে টাকা না দিয়ে পালিয়ে যাওয়া প্রতারক আলু ব্যবসায়ী আবরার হোসেন রাজন (২৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

জানা যায়, উপজেলার ঢুষমারা চরের কৃষক শাহ আলম (৪৬) গত ৮ জানুয়ারি মিঠাপুকুর উপজেলার খাফ্রিখাল গ্রামের মেরাজুল ইসলামের ছেলে আবরার হোসেন রাজনের কাছে ২৭০ বস্তা আলু ৬ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। এর মধ্যে রাজন ৩ লাখ টাকা নগদ পরিশোধ করেন। বাকি টাকা কিছুক্ষণ পর দেওয়ার কথা বলে আলু ট্রাকে তুলে রাখেন।

পরে কৌশলে কৃষক শাহ আলমকে সঙ্গে নিয়ে রংপুর শহরে যান রাজন। সেখানে তিনি জানান তার ভাই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ভেতরে এক আত্মীয়কে খবর দেওয়ার কথা বলে শাহ আলমের মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে ভিতরে ঢুকে কৌশলে সটকে পড়েন রাজন।

অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষা করেও রাজনের কোনো খোঁজ না পেয়ে বাড়িতে ফিরে এসে শাহ আলম দেখতে পান আলুভর্তি ট্রাকটিও সেখানে নেই। পরে তিনি কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর উপজেলার নিজ বাড়ি থেকে প্রতারক ব্যবসায়ী আবরার হোসেন রাজনকে গ্রেপ্তার করে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।