রংপুর (কাউনিয়া) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় বেইলিব্রীজ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিলে অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুর থেকে ১৩ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে বেইলিব্রীজ বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।





