ঈদযাত্রায় ঝক্কড় ও অনিরাপদ বাস চলাচল রোধে মোবাইল কোর্টের অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। পাশাপাশি ঈদে বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য হেল্প ডেস্ক থাকবে এবং লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামবে না। এছাড়া কাউন্টার টেরোরিজম ইউনিট, র্যাব ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, ঈদে টার্মিনাল ও মহানগরীতে ডিবি, সোয়াট এবং ট্রাফিক পুলিশও কাজ করবে। ট্রাক-লরি চলাচলও বন্ধ রাখা হবে। যাত্রীদের হয়রানি করলে এবং নির্ধারিত ভাড়ার বেশি নিলে গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।
বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে সকল পক্ষ একসঙ্গে কাজ করছে।





