ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত ও ধাওয়া করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধে।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকার এই প্রকল্পের তদারকির দায়িত্বে ছিলেন ঠিকাদার লোকমান হোসেন।


নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠলে সোমবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল ও স্থানীয় প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনের সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন উপ-সহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে ঠিকাদার লোকমান হোসেন তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।


ভুক্তভোগী প্রকৌশলী জানান, পরিস্থিতি উত্তপ্ত হলে ঠিকাদার তাকে মারধরের চেষ্টা করেন এবং বাঁশ হাতে নিয়ে ধাওয়া করেন। পরে তিনি দৌড়ে সেখান থেকে রক্ষা পান।


ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ঠিকাদার প্রভাবশালী হওয়ায় তিনি মামলা করলে প্রাণনাশের হুমকির আশঙ্কা রয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বদলির চেষ্টা করছেন বলেও জানান।

এ ঘটনায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলেও জানান।