কানাডার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।


বুধবার (১১ ফেব্রুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি স্কুলে এ গুলির ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন।


পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুক হামলা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে স্কুলের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে; ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।


সিবিসি নিউজসহ অন্যান্য সূত্রে বলা হয়েছে, স্কুলের ভিতরে ৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন। এছাড়া ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি বাড়ি থেকে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।


পুলিশ জানিয়েছে, দুজনকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় মেডিকেল সেন্টারে প্রায় ২৫ জনকে আঘাত পরীক্ষা ও চিকিৎসার জন্য আনা হয়েছে।


হামলার পর সব ছাত্র-শিক্ষককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছে। বর্তমানে এলাকায় জারি করা শেল্টার-ইন-প্লেস আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, আর কোনো হুমকি নেই।