কুপ্রস্তাবে রাজি না হওয়ায়৯ বছরের শিশুর শরীরে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরের দিকেবরিশালের বাবুগঞ্জউপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইসা। সে স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
রাইসার স্বজনরা জানিয়েছেন, তার বাবা কাজের জন্য বাইরে ছিলেন। ঘরে সে একাই ছিল। হঠাৎ রাইসার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন তার পুরো শরীরে আগুন জ্বলছে। এসময় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অগ্নিদগ্ধ রাইসাকে ঢাকায় পাঠানো হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে অগ্নিদগ্ধ রাইসাকে এক ভিডিওতে বলতে শোনা যায়, ‘সিফাত আমারে খারাপ জিনিস করতে কইছে। আমি শুনি নাই দেখে সিফাত আমার গায়ে আগুন দিছে।’
অভিযুক্ত সিফাত (১৫) একই এলাকার জালাল সিকদারের ছেলে।
নিহত রাইসার বাবা বলেন, আমার মেয়েকে যারা পুড়িয়ে মেরেছে তাদের বিচার চাই। আমার মেয়েকে সুস্থ অবস্থায় ঘরে রেখে গেছি।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনার খোঁজখবর নেয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





