খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদচ্যুতি একটি বড় বার্তা হিসেবে দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, \"ভিসি পদত্যাগ করেননি, বরং সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তাকে অপসারণ করা হয়েছে। এটি প্রমাণ করে, স্বৈরতান্ত্রিক আচরণের কোনো স্থান এই দেশে নেই।\"
\r\nবৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
\r\nমুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা একেবারেই অযৌক্তিক। ভিসি শুরু থেকেই স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করেছেন— তদন্ত থেকে শুরু করে শিক্ষার্থীদের ওপর হামলা পর্যন্ত, সবক্ষেত্রে তার একচ্ছত্র ক্ষমতার প্রয়োগ লক্ষ্য করা গেছে।”
\r\nডাকসু নির্বাচন প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি বলেন, “আমরা আগেও বলেছি— ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি। শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচন প্রয়োজন। এতে ছাত্র রাজনীতি আরও অর্থবহ হবে এবং লেজুড় ভিত্তিক রাজনীতির অবসান ঘটবে।”
\r\nতিনি আরও বলেন, “আমরা ’৫২, ’৬৯ এবং ’৭১— বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনাকে সম্মান করি। কিন্তু কোনো একটি গোষ্ঠী যদি ’৭১-কে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে অন্যদের দমন করতে চায়, আমরা তার বিপক্ষে। গত ১৫ বছরে যারা একাত্তরের চেতনার নাম করে দেশ চালিয়েছে, তারা অর্থ পাচারসহ গণহত্যার মতো অপরাধ করেছে।”
\r\nতিনি বলেন, “আমরা বারবার বলেছি, জনগণের অর্থ লুট করে যারা বিদেশে পাচার করেছে, তারা দেশের ক্ষতি করেছে। এই অর্থে চারবার বাজেট করা যেত। এটি মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না।”
\r\nছাত্র আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “পাঁচ আগস্টের পর ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তা আজ সর্বসাধারণের আন্দোলনে রূপ নিয়েছে। এটি কোনো ব্যক্তির নয়, এটি জনগণের অর্জন।”
\r\nশহীদ পরিবারের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা রমজান ও ঈদের সময় শহীদ পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। আমরা চাই, তারা যেন একা না থাকে, সবসময় আমরা তাদের পাশে থাকব।”
\r\nভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে মত ও আদর্শের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আর কোনো আধিপত্যবাদী রাজনীতি থাকবে না। ছাত্রশিবির আগামী দিনের আদর্শবান, দক্ষ ও সৎ নাগরিক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”
\r\nঅনুষ্ঠানে ঠাকুরগাঁও শহর শাখার ছাত্রশিবির সভাপতি আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





