কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার কোটপাড়া এলাকার ১২ শরীফ দরবারের সামনে এক নারীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৬ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ১০টায় ইংলিশ প্লাটফর্ম কোচিং সেন্টারের চত্বরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুষ্টিয়া মডেল থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি শেখ রইচ উদ্দিনের বসতবাড়ির সংলগ্ন কোচিং সেন্টারের আঙিনায় পাওয়া গেছে। নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কেউ যদি নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে অনুগ্রহ করে কুষ্টিয়া মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।






