কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী থেকে বিজয়ী মুফতি আমির হামজা চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কুষ্টিয়ায় এসব অনিয়ম বরদাশত করা হবে না, প্রয়োজনে ঝুঁকি নিয়েও তা বন্ধ করা হবে।
তিনি বলেন, অবৈধ অস্ত্রের কোনো স্থান থাকবে না। প্রশাসনের ব্যবহৃত বৈধ অস্ত্র ছাড়া অন্য কোনো অবৈধ অস্ত্র বাইরে থাকতে দেওয়া হবে না, কারণ তা মানুষের জীবনের জন্য হুমকি।
বেকারত্বকে কুষ্টিয়ার বড় সমস্যা উল্লেখ করে আমির হামজা বলেন, তার প্রথম কাজ হবে কর্মসংস্থান তৈরি করা। যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ করে দিয়ে বেকারত্ব কমানোর উদ্যোগ নেওয়া হবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন ছিল প্রতিযোগিতা; এতে মন খারাপের কিছু নেই। সবাইকে সঙ্গে নিয়েই কুষ্টিয়ার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট। মোট ৫৩ হাজার ৭২২ ভোটের ব্যবধানে জয় পান আমির হামজা।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কুষ্টিয়া-৩ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।





