কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত মো. জাহিদ (২৭) সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামার দফাদার বাড়ির বাসিন্দা এবং কামাল দফাদারের ছেলে।


পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে কুয়েতে যান জাহিদ। সেখানে তিনি একটি উটের খামারে কাজ করতেন।


স্বজনরা জানান, আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন তিনি। ঈদের সময় বাড়িতে এসে তার একমাত্র সন্তানের আকিকা দেওয়ার কথাও পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হলো না।


জাহিদ দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার রেখে যাওয়া একমাত্র সন্তান ছয়েদুর রহমান জিসান (৩) শারীরিকভাবে প্রতিবন্ধী।


তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।