ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, “বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার গত ১৭ বছর দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা সেই অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। আগামী নির্বাচনে সবাই কেন্দ্রে যাবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কাউকে আপনাকে বাধা দিতে বা জবরদস্তি করতে দেওয়া হবে না।”
মঙ্গলবার (১১ নভেম্বর) ভালুকা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং নিজস্ব অর্থায়নে ১২ হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মোর্শেদ আলম বলেন, “বিগত সরকার মামলা-হামলার মাধ্যমে আমাদের ১৭ বছর প্রকাশ্যে রাজনীতি করতে দেয়নি। মিছিল-মিটিং করা তো দূরের কথা, আমাদের ঘরবন্দি অবস্থায় থাকতে হতো। অথচ রাজনীতি মানে হলো উন্মুক্ত মঞ্চ, যেখানে সবাই নিজের কথা বলবে। আমরা সেই সুযোগ চাই।”
তিনি আরও বলেন, “মানুষের কথা মানুষই বলবে। যদি বিএনপির কোনো নেতাকর্মী সাধারণ মানুষের প্রতি অন্যায় আচরণ করে বা নির্যাতন চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা শান্তিপূর্ণ রাজনীতি চাই, যেখানে মানুষ সম্মান নিয়ে বাঁচতে পারে।”
অনুষ্ঠানে মোর্শেদ আলম রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সদস্য নুরুল হক মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, মো. মজিবুর রহমান মজু, মো. রুহুল আমিন রুহুল, নিয়ামূল কবির জান্নাত, অইয়ুব আলী কমান্ডার, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগসহ স্থানীয় নেতারা।





