মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে কঠোর অবস্থান জানিয়েছে কাতার। দেশটি বলেছে, এই প্রণালির নিরাপত্তা কোনো পক্ষই হুমকির মুখে ফেলতে পারে না এবং এটি খুলে দিতে কোনো শর্ত আরোপ করা উচিত নয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা বলেন। বিষয়টি জানিয়েছে আল জাজিরা।
তিনি বলেন, হরমুজ প্রণালির কার্যক্রম স্বাভাবিক রাখতে কাতার অংশীদার দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। তার মতে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
মুখপাত্র আরও বলেন, সংকটের সমাধান আঞ্চলিকভাবে হওয়া উচিত, যেখানে উপকূলীয় দেশগুলো এবং এই নৌপথের ওপর নির্ভরশীল রাষ্ট্রগুলোকে যুক্ত করতে হবে।
কাতার জানিয়েছে, চলমান পরিস্থিতিতে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তারা এই কূটনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করছে।
এর আগে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে অস্থিরতা তৈরি হয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক অর্থনীতি ঝুঁকিতে পড়ে।
পরে মধ্যস্থতার মাধ্যমে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধান না হওয়ায় পরিস্থিতি এখনো অনিশ্চিত।
এদিকে বিভিন্ন দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে, কারণ নতুন কোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।





