জয়ের খুব কাছে গিয়েও ফিল্ডারদের অবিশ্বাস্য ব্যর্থতায় নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে হেরে গেল বাংলাদেশ। শারমিন আক্তার সুপ্তা এবং স্বর্ণা আক্তারের জোড়া হাফসেঞ্চুরিতে গড়া ২৩২ রানের লড়াকু পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি। ৭৮ রানেই দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট তুলে নেওয়ার পরও একাধিক ক্যাচ মিসের মহড়ায় জেতা ম্যাচটি হাতছাড়া করল নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ম্যাচে ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা প্রোটিয়ারা ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল।ম্যাচ যখন পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে, তখনই শুরু হয় ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। ষষ্ঠ উইকেটে মারিজান ক্যাপ এবং নাডিন ডি ক্লার্কের জুটি ভাঙার অন্তত চারটি সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশের ফিল্ডাররা।
এই ‘জীবন’ পেয়েই তারা দুজন ম্যাচ ঘুরিয়ে দেওয়া এক অনবদ্য জুটি গড়েন এবং দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার শারমিন আক্তার সুপ্তার ৫০ এবং শেষদিকে তরুণী স্বর্ণা আক্তারের ৩৫ বলে অপরাজিত ৫১ রানের ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে। বোলাররা দুর্দান্ত লড়াই করলেও, ফিল্ডারদের এই ভুলের কারণে তাদের সব প্রচেষ্টা বৃথা যায় এবং বাংলাদেশকে আরও একটি হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হয়।





