জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

\r\n

শফিকুর রহমান বলেন, ‘প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়—জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, নারীরা তাঁদের যোগ্যতা অনুযায়ী পছন্দের কর্মক্ষেত্রে কাজ করবেন। তাঁদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

\r\n

বর্তমানে দেশে নারীদের সম্মান ও নিরাপত্তার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা নিয়ে শফিকুর রহমান বলেন, ‘মিল-ফ্যাক্টরির মালিকরা শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করেন না, তাঁদের শ্রমের মর্যাদা দেওয়া হয় না। উপরন্তু, চাঁদাবাজদের হাতেও তাঁরা নির্যাতনের শিকার হচ্ছেন।’

\r\n

বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৭০ শতাংশই শ্রমজীবী উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁদের উপেক্ষা করে কোনো সমাজ এগোতে পারে না। টেকসই সমাজ গড়তে হলে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

\r\n

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ ট্রেড ইউনিয়ন আইন কাজে লাগিয়ে সব পেশায় ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। উৎপাদন অব্যাহত রেখে মালিক-শ্রমিক সম্পর্ক রক্ষা করতে হবে।’ তিনি ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

\r\n

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শ্রমিকদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইসলামি শ্রম আইন চালু করা হলে এ অবস্থা থাকত না।’

\r\n

সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনম শামসুল ইসলাম।