জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের নির্বাচনী অংশগ্রহণের লক্ষ্য আসন জেতা নয়। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য থাকলে ইতিমধ্যেই কোনো জোটে যোগ দিতেন।

\r\n

বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

\r\n

নাহিদ বলেন, অনেকেই জানতে চান তারা কতটি আসন আশা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ভোটে আসিনি। কত সিট পাব, সেটাই মূল বিষয় নয়। যদি সিট নিশ্চিত করাই লক্ষ্য হতো, তাহলে কোনো জোটে চলে যেতাম।”


\r\n

তিনি আসন্ন নির্বাচনকে গণভোটমূলক বলে উল্লেখ করেন। তার ভাষায়, “এবারের ভোটটা গণভোট। প্রার্থী বা প্রতীক নয়, মূল প্রশ্ন হচ্ছে হ্যাঁ না কি না—এই মেসেজটাই আমরা দিতে চাই।”


\r\n

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা এনসিপি গঠন করে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে। নাহিদ ইসলাম ঢাকা–১১ আসনে ভোটে দাঁড়াবেন।


\r\n

নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন বিধি লঙ্ঘন করে প্রচারণা, অর্থ খরচ আর অস্ত্র প্রদর্শনের ঘটনা দেখা যাচ্ছে। বিএনপি–জামায়াত—দুই দল থেকেই এ ধরনের সংস্কৃতি চলছে।”


\r\n

মনোনয়নপ্রক্রিয়ায় অনিয়ম নিয়েও সমালোচনা করেন তিনি। নাহিদের দাবি, বিভিন্ন দলে মাফিয়া, ঋণখেলাপিসহ নানা বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এগুলো নিয়ে কমিশন কতটা ব্যবস্থা নেয়, তা দেখাই হবে আসল পরীক্ষা।


\r\n

এনসিপির প্রার্থী তালিকা সম্পর্কে তিনি বলেন, “আমরা অন্তর্ভুক্তিমূলক তালিকা দেওয়ার কথা বলেছিলাম। নারী-পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি।”

\r\n

প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।