হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে শেষ পর্যন্ত ফিরে গেছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ—এমন দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ছিল একটি ‘প্রচারমূলক সামরিক অভিযান’, যা সফল হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, আর্লে বার্ক-শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মার্ফি ও ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন প্রণালির কাছে পৌঁছালে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ইরানি বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং নজরদারির জন্য ড্রোন মোতায়েন করে।
ইরানের সামরিক সূত্রের দাবি, মার্কিন জাহাজ দুটি ‘ধ্বংসের খুব কাছাকাছি’ অবস্থায় ছিল। পরে তাদের পথ পরিবর্তনের জন্য সময় দেওয়া হলে জাহাজ দুটি দ্রুত সরে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, শনাক্তকরণ এড়াতে মার্কিন নৌবাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করে এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখে। তবে ইরানের রাডার ও নজরদারি ব্যবস্থা জাহাজগুলোকে পুরো সময় ট্র্যাক করতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারির আওতায় রয়েছে। এ অঞ্চলে গোপন সামরিক তৎপরতার যেকোনো চেষ্টা ‘অকার্যকর ও উস্কানিমূলক’ বলেও মন্তব্য করা হয়।
ইরান আরও জানিয়েছে, ঘটনাটি এমন সময় ঘটেছে যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছিল, যা পুরো পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।





