বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং দু’হাজার মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন কুমিল্লা-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান।

বুধবার দুপুরে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম এলাকায় দুই হাজার নারীকে নিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, এ কারণে দেশব্যাপী মানুষ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছে। দেশের স্বার্থে তাঁর দ্রুত সুস্থ হওয়া জরুরি বলেও উল্লেখ করেন বক্তারা।

দোয়া পরিচালনা করেন ক্বারী নাসরিন আক্তার। তিনি বলেন, খালেদা জিয়া ১৮ কোটি মানুষের ঐক্যের প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের জন্য কাজ করতে ফিরে আসবেন বলে সবাই প্রার্থনা করছেন।

এটিএম মিজানুর রহমান বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সালাউদ্দিন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুমসহ মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।