পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের মঞ্চে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটে সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সেখানে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল এবং বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শহীদুল আলম পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী। দলীয় সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এ তালিকায় পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদারের নাম রয়েছে। মঙ্গলবার তিনি ঢাকা থেকে বাউফলে পৌঁছে দুপুরে দোয়া-মোনাজাত ও জনসভায় অংশ নেয়ার কথা ছিল। সেই উপলক্ষ্যে পাবলিক মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছিল। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সেই মঞ্চে আগুন লাগিয়ে দেয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, “শহীদুল আলম বাউফলের একজন জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তার কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিছু ব্যক্তি বিভেদ সৃষ্টি করে দলের ক্ষতি করতে চাইছে, কিন্তু মঞ্চে আগুন লাগিয়ে সাবেক এমপির জনপ্রিয়তা কমানো যাবে না। জনগণ আমাদের সঙ্গে রয়েছে।” বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা মঞ্চে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।
সংবাদ লোড হচ্ছে...





