রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলমত পেরিয়ে বহু মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনায় যুক্ত হয়েছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন জনপ্রিয় খল অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ডিপজল লিখেছেন, দেশের মানুষের প্রতি অনুরোধ, “আমাদের প্রিয় দেশনেত্রীর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করুন।” তিনি আরও লিখেছেন, “আপনাদের প্রতিটি দোয়া তার জন্য হোক আরোগ্যের বার্তা, শান্তির পরশ আর নতুন শক্তির উৎস।”

তার এই পোস্টে নেটিজেনরাও সমর্থন জানিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতাদের মতে, শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে।