বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ একটি চিঠি পাঠিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।


চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার এবং ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানান।


তিনি আরও উল্লেখ করেন—বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান সর্বজনবিদিত এবং বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন জোরদারে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়নযোগ্য।


শেহবাজ শরীফ চিঠিতে প্রার্থনা জানান যে, সর্বশক্তিমান আল্লাহ খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন, যাতে তিনি তার দল ও দেশের জন্য শক্তি, সাহস এবং পথপ্রদর্শনের উৎস হিসেবে ভূমিকা পালন করতে পারেন।

চিঠির শেষে তিনি খালেদা জিয়ার প্রতি তার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।