ঢাকার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও গুরুতর, তবে চিকিৎসার প্রতি তিনি ‘রেসপন্স’ করছেন। দলের পক্ষ থেকে চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

চিকিৎসকদের একটি সূত্র জানান, ডাকলে মাঝে মাঝে সাড়া দিতে শুরু করেছেন খালেদা জিয়া। এ পরিস্থিতি চিকিৎসকরা গত তিন দিনের তুলনায় কিছুটা আশাব্যঞ্জক হিসেবে দেখছেন। সাবেক প্রধানমন্ত্রীকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বুধবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা দলের শীর্ষ নেতৃত্বকে জানান, খালেদা জিয়ার অবস্থা ‘সংকটময়’। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রীর অসুস্থতার কারণে বিজয় দিবস উপলক্ষে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘মশাল রোড শো’সহ সব বিজয় দিবসের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। ১ ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শো দিয়ে বিএনপির বিজয়ের মাস উদযাপন শুরু হওয়ার কথা ছিল। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মাধ্যমে রোড শো শেষ হওয়ার পরিকল্পনা করা হয়েছিল।