খুলনা নগরে গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাজু হাওলাদার (৩৮) সোমবার রাতে নগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। তবে কীভাবে বা কোথায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।

পুলিশ জানিয়েছে, রাজু হাওলাদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি এখনও পরিষ্কার নয়। তাকে হাসপাতালে পাওয়া গেছে এবং তার পেটে গুলির চিহ্ন ছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তবে অ্যাম্বুলেন্সে গুলির বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি তিনি।

অন্যদিকে, কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে কুদির বটতলা এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালিয়েছে বলে তারা শুনেছেন। পরে নিরাপত্তা চাওয়ায় পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি তাদের থানা এলাকা পার করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গুলি অ্যাম্বুলেন্সে লেগেছিল কি না, তা যাচাই করা হয়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।