খুলনার রূপসা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শান্ত শেখ, শাহজাহান ইমরান (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান বুলু (৩৮), জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) ও ইমরান শেখ (৩০)। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুলনা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক দীর্ঘদিন ধরে আলাদা আলাদা গণসংযোগ চালিয়ে আসছেন। বৃহস্পতিবার পারভেজ মল্লিকের কাজদিয়া বাজারে গণসংযোগে অংশ নেওয়ার কথা ছিল। খবর পেয়ে সাবেক ছাত্রনেতা শান্ত শেখের নেতৃত্বে তার অনুসারীরা সেখানে অবস্থান নেন।

একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”