খুলনার তেরখাদা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, খুলনা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনা চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা, কমরুল শেখ (৩২), হুমায়ুন মোল্যা, সাদী শেখ, সাইফুল মোল্যা (৩০) ও রাসেল মোল্যাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





