খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে বিএনপি নেতার মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তি হলেন মহিবুজ্জামান কচি, খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। তিনি নগরের হাজী মহসিন রোড বাই লেনে থাকতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, “আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দেওয়ার সময় মহিবুজ্জামান কচি ধাক্কা খেয়ে গাছের সঙ্গে আঘাত পান, যার ফলে মৃত্যু হয়েছে।” দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, কোনও ধাক্কাধাক্কি বা মারধরের ঘটনা ঘটেনি; একজন অসুস্থ হয়ে পড়ে, পরে মৃত্যু হয়। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম এবং পুলিশ কর্মকর্তা এসআই খান ফয়সাল রাফি বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং ধাক্কাধাক্কি বা হাতাহাতি হয়নি। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জামায়াত ও কেন্দ্রের অধ্যক্ষকে দোষারোপ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে জামায়তের প্রধান এজেন্ট এবং অধ্যক্ষ ঘটনাটিকে হৃদরোগজনিত মৃত্যু বলে উল্লেখ করেছেন।
সংবাদ লোড হচ্ছে...





