রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ১৬টি জলকপাট একযোগে খুলে দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পর্যায়ক্রমে জলকপাটগুলো খুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক মাহামুদ হাসান।
\r\nতিনি জানান, প্রথমে বাঁধের ৭টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে বাকি ৯টি জলকপাটও একই মাত্রায় খুলে দেওয়া হয়, ফলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
\r\nবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, হ্রদের পানি বিপদসীমা—অর্থাৎ প্রায় ১০৮ ফুট এমএসএল—অতিক্রম করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হ্রদের পানি বাড়তে থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
\r\nপানি ছাড়ার ফলে নদীর ভাটির দিকের এলাকাগুলোতে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্টদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পানি ছাড়ার আগে স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে নোটিশের মাধ্যমে অবহিত করা হয়েছে বলেও জানান মাহামুদ হাসান।






