জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেছেন, মানুষের মধ্যে যে ধারণা আছে রাজনীতি শুধু খারাপ মানুষই করে এবং ভালো মানুষদের রাজনীতিতে জায়গা নেই, তা আমরা ভাঙতে চাই। তিনি বলেন, সাধারণভাবে এলাকায় গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজরা এমপি বা নেতা হয়, আর সৎ ও যোগ্য মানুষরা রাজনীতিতে জায়গা পায় না। আমাদের লক্ষ্য, যেসব মানুষ সৎ, যোগ্য ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম, তাদের জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠানো।


রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।


তিনি বলেন, এনসিপি নতুন ধারা শুরু করেছে। মনোনয়ন প্রক্রিয়া সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছে যাতে রাজনীতি কেবল কিছু ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থাকে।


ডা. তাসনিম জারা জানান, গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল উৎসাহে আবেদন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পেশার মানুষ—আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা। এর মাধ্যমে এমন অনেক মানুষ রাজনীতিতে যুক্ত হয়েছেন যারা আগে এ বিষয়ে ভাবেননি। এখন আমরা এই মনোনয়ন প্রত্যাশীদের বাছাই প্রক্রিয়া শুরু করেছি।


তিনি আরও বলেন, আমরা রাজনীতিতে নতুন ধারা ও জবাবদিহিতার সংস্কৃতি আনতে চাই। এর অংশ হিসেবে এমন মানুষকে রাজনীতিতে আনা হবে যারা দায়িত্বশীল রাজনীতি করবেন, পুরনো রীতিনীতিতে না গিয়ে। আমাদের আশা, সারা দেশ এই উদ্যোগে সমর্থন দেবে।


সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।