স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণঅধিকার পরিষদে ফের যোগ দিতে চান বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। 

রাশেদ খান বলেন, আসিফ মাহমুদ আগে থেকেই গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। নেতৃত্ব পর্যায়ে তার বিষয়ে ইতিবাচক মনোভাব আছে। আলোচনাও চলছে, তবে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, আসিফ মাহমুদকে সম্মানজনক একটি পদ দেওয়া হবে কি না, তা নিয়েও বিবেচনা চলছে।

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন। পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন করার সিদ্ধান্ত চূড়ান্ত, তবে পদত্যাগের ব্যাখ্যা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানা যাবে।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে তিনি এ আসনের ভোটার হয়েছেন বলেও জানা গেছে।

এদিন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ নিয়েও গুঞ্জন ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন ছাত্রনেতা দায়িত্ব পান। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মাহফুজ আলম শুরুতে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে এ বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হন। এরপর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হন মাহফুজ আলম।