চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে সংঘটিত হলেও এর সুফল বিভিন্ন রাজনৈতিক দল ভোগ করছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানে ছাত্রদের সবচেয়ে বড় অবদান থাকলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংস্কার পরিষদের শপথ ইস্যু নিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত সময়ে শপথ না নেওয়া জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। একই দিনে শপথ গ্রহণের যে জনাদেশ ছিল, তা বাস্তবায়ন না করায় সমালোচনা করেন তিনি।
তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে জাতীয় সংসদের কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ হবে। জনগণ শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং কাঠামোগত সংস্কারের জন্য ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার বিচার, সংস্কার ও অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণ প্রসঙ্গে তিনি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ঋণখেলাপিদের পুনর্বাসনের অভিযোগ তুলে সরকারের সমালোচনাও করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে কথা বলার পরিবেশ নিশ্চিত না হলে আন্দোলন আবার রাজপথে গড়াতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।





