মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
\r\nগণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, মন্টু দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। গত দুই মাস ধরে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য।
\r\nছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা মোস্তফা মোহসীন মন্টু আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি যুবলীগের চেয়ারম্যান এবং পরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়ে ঢাকা-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে একই আসনে প্রার্থী হলেও পরাজিত হন।
\r\n১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামে যোগ দেন। পরে দলের সাধারণ সম্পাদক হন এবং সর্বশেষ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন।
\r\nমোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





