তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই এবং তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার প্রস্তুতি নিচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।
বৈঠকে রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এই সময় জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।





