বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মোট ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে।

\r\n

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

\r\n

সভায় জানানো হয়, এ বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৬৫ মিলিয়ন ডলার। স্থানীয় বিনিয়োগের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগ প্রস্তাব ৮৫ মিলিয়ন ডলার। বিদেশি বিনিয়োগের মধ্যে চীনের প্রায় ৩৩০ মিলিয়ন ডলার সবচেয়ে বড় অংশ দখল করেছে। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব এসেছে।

\r\n

প্রাথমিক প্রস্তাব থেকে চূড়ান্ত পর্যায়ে রূপান্তরিত প্রস্তাবের পরিমাণ বর্তমানে ২৩১ মিলিয়ন ডলার, যা প্রায় ১৮ শতাংশ। বৈশ্বিকভাবে এই রূপান্তরের হার সাধারণত ১৫-২০ শতাংশের মধ্যে থাকে।

\r\n

সভায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমানোর বিষয়ও আলোচনা করা হয়। বন্দরে বর্তমানে প্রায় সাড়ে ৬ হাজার কন্টেইনার আটকে আছে। সরকারি উদ্যোগে গত দুই মাসে ১ হাজার কন্টেইনার নিলামে বিক্রি করা হয়েছে। আগামী মাসে আরও ৫০০ কন্টেইনার নিলামের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং নিলামের পণ্য হস্তান্তরের কাজও চলমান রয়েছে।

\r\n

এছাড়া, বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের পরিষেবাগুলো একত্রিত করে তৈরি করা এই অনলাইন প্ল্যাটফর্মটির সফট লঞ্চ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পূর্ণ চালু করা হবে সেপ্টেম্বরের শেষের দিকে।

\r\n

সভায় বাণিজ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমস হাউসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।