দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়কালে বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এর মধ্যে শুধু বরগুনা জেলায় আক্রান্ত হয়েছেন ১০২ জন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। জেলার সিভিল সার্জন কার্যালয় জানায়, এ পর্যন্ত বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে, মৃত্যু হয়েছে ২৮ জনের।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে (২০২৫ সালে এখন পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৭১ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।


ডেঙ্গু পরিস্থিতির পেছনের পরিসংখ্যান আরও উদ্বেগজনক। ২০২৪ সালে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেন ১ হাজার ৭০৫ জন।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।