শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা, শহীদ পরিবার ও যোদ্ধাদের অর্থনৈতিক পুনর্বাসন, অশনাক্ত শহীদদের ডিএনএ শনাক্তকরণ এবং ফ্যাসিস্ট অপশাসনের বিরুদ্ধে বিচার দাবি সহ ৫ দফা দাবিতে রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় শনিবার (৫জুলাই) গণসংযোগ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ এবং প্রধান সংগঠক নাঈম আহমেদ। তাদের সাথে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ গাইবান্ধা জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগে বক্তারা বলেন,দেশব্যাপী গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে রাষ্ট্রকে শহীদদের স্বীকৃতি দিতে হবে এবং আহত যোদ্ধাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, গণকবরে অশনাক্ত শহীদদের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ এখন সময়ের দাবি। একই সঙ্গে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের বিচার এবং 'জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ' বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।” গণসংযোগে বিভিন্ন স্থানে পথসভা, লিফলেট বিতরণ এবং জনগণের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে দলটির কার্যক্রম তুলে ধরা হয়।

উল্লেখ্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) দীর্ঘদিন ধরেই ফ্যাসিবাদবিরোধী রাজনীতির ধারায় সক্রিয় থেকে শহীদদের স্বীকৃতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন করে আসছে। দলটি আশা প্রকাশ করে, জনগণের জাগরণ এবং ঐক্যই একদিন এই দেশকে মুক্ত করবে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের কবল থেকে।