গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা বেগম হত্যা মামলার এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে ঢাকার জসিমউদ্দীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আনারুল মোল্লা (৩০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে। তিনি হত্যা মামলার প্রধান আসামি হারুন মোল্লার আপন ভাই বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, গত ২৮ মার্চ পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ ববিতা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় নিহতের মা পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আনারুল মোল্লাকে গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।