গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বেড়াতে এসে নূর হোসেন (নুর হাসান) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবক নূর হাসান (৪০) কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক সি-০১-১১) বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল হাসিম।

স্থানীয়দের দাবি, তিনি আওয়ামী লীগ নেতা হামজেলার বাড়িতে কয়েকদিন ধরে অবস্থান করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সাদুল্লাপুর থানা পুলিশ জানিয়েছে, তার পরিচয় যাচাই করা হচ্ছে। কীভাবে তিনি ওই এলাকায় এলেন এবং কার সঙ্গে যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।