গাইবান্ধায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পৌরপার্ক সংলগ্ন শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা মিল এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন এবং দাবি আদায়ে স্লোগান দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা পৌর আমীর মো. ফেরদ্দাউস ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে সংবিধান লঙ্ঘন করেছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর, গাইবান্ধা-২ আসনের এমপি মো. আব্দুল করিম। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার ইতিবাচক ভূমিকা রাখলে তারা সহযোগিতা করবেন। তবে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের মানুষকে রাজপথ থেকে সরানো যাবে না। প্রয়োজনে জীবন দিয়েও গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি মো. ইউসুফ আল কারযাবী। তিনি ছাত্রসমাজকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, এনসিপির সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ দাবিতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।