গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নজরুল ইসলামের হত্যার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রবিবার (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে নজরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে। আমি এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে দেশ থেকে ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয়নি। তারা এখনও পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে জুলাই হত্যাকারীদের বিচার করতে হবে এবং সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে।
অধ্যাপক পরওয়ার আরও বলেন, অবিলম্বে নজরুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসাথে নিহত নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।






