গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-ফারাজ মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (২৯ এপ্রিল) চালানো এই হামলায় মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
\r\nপ্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানান, হামলার সময় মসজিদে সাধারণ মানুষ অবস্থান করছিলেন। বোমাবর্ষণের ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু বেসামরিক নাগরিক আহত হন। আহতদের নিকটবর্তী আল-আওদা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
\r\nএ নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে জানান, ধর্মীয় উপাসনালয়গুলোকে উদ্দেশ্যমূলকভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে।
\r\nউল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইল মসজিদ ও গির্জার মতো ধর্মীয় স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রেখেছে।
\r\nগাজার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১,২৪৪টি মসজিদের মধ্যে ১,১০৯টি মসজিদ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী।





