গাজার দক্ষিণাঞ্চল রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে আজ মঙ্গলবার (৩ জুন) ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

\r\n

স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসংখ্য ক্ষুধার্ত ফিলিস্তিনি ত্রাণের জন্য ভিড় করেছিলেন। এ সময় ইসরায়েলি সেনারা তাদের ওপর গুলি চালায়।

\r\n

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ত্রাণকেন্দ্রের নির্ধারিত চলাচলপথ থেকে সরে আসা কিছু সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে সেনাদের দাবি, প্রথমে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছিল। এরপরও সংশ্লিষ্ট ব্যক্তিরা এগিয়ে আসায় গুলি চালাতে বাধ্য হয়।

\r\n

এ ঘটনায় এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েল।

\r\n

এর মাত্র দুই দিন আগে, রোববার (১ জুন) গাজায় ত্রাণ নিতে গিয়ে আরেকটি হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হন। সোমবারও তিনজনের মৃত্যুর খবর আসে।

\r\n

আজকের ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল জানিয়েছিল, উত্তর গাজায় চলমান লড়াইয়ে তাদের তিনজন সেনা নিহত হয়েছেন।

\r\n

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে এ অঞ্চলজুড়ে নির্বিচার হামলা চালানো হচ্ছে। এতে গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

\r\n

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গত সপ্তাহে তাদের প্রথম ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জিএইচএফ-এর কার্যক্রমের সমালোচনা করে বলেছে, তারা মানবিক সহায়তার আন্তর্জাতিক নিয়মনীতি উপেক্ষা করছে।

\r\n

জিএইচএফ আজ দাবি করেছে, তারা ২১টি ত্রাণবাহী ট্রাকের মাধ্যমে সফলভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এবং কোনো ‘ঘটনা ছাড়াই’ ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।

\r\n

তবে রাফায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর আবারও গুলির ঘটনা ঘটেছে, যেখানে শিশুদেরও লক্ষ্যবস্তু করা হয় বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ এক শিশুকে আল-নসর হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।

\r\n

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার এক বিবৃতিতে এসব হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “ত্রাণ নিতে গিয়ে মানুষ নিহত ও আহত হওয়া গভীরভাবে মর্মান্তিক। এর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।”

\r\n

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ৫৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

\r\n

রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব ঘটনাবলি যাচাই করতে পারেনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে আবারও মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে।